মিডিয়ায় কলার খোসা দেখিয়ে বিপাকে সিপিএম নেতা

সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সিপিএমের অন্দরে একরাশ অস্বস্তি। দলের এক তরুণ নেতা, যিনি অনেকের কাছে ‘বিদ্রোহী কমরেড’ হিসেবে পরিচিত, রাজ্যের নেতৃত্ব নিয়ে অসন্তোষ জানিয়ে সদস্যপদ ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন। সেই চিঠি প্রকাশ্যে চলে আসায় আলিমুদ্দিনে অশান্তি আরও বেড়েছে।
এর মধ্যেই কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ছাত্র বিক্ষোভের জেরে বক্তৃতা না দিয়েই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান লাল পার্টির বর্ষীয়ান নেতা। গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি কলার খোসা দেখিয়ে গাড়ির কাচ তুলে দেন। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা ও ট্রোল শুরু হয়।
শুক্রবার সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বৈঠক শেষ হওয়ার পর আলিমুদ্দিনে সাংবাদিকদের মুখোমুখি হন মোহাম্মদ সেলিম। এ সময় কলার খোসা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন, ‘আমি কলা খেয়ে খোসাটা ফেলতে গিয়েছিলাম, যাতে কেউ পিছলে না পড়ে। লাঞ্চ করার সময় পাইনি বলে তখন কলা খেয়েছিলাম। আর কেউ কেউ লিখছে সেলিম কলা দেখাচ্ছে।’
তবে বিতর্ক এখানেই শেষ হয়নি। ওই দিন অনুষ্ঠানে তাকে প্রতীক উর রহমান নিয়ে প্রশ্ন করা হয়েছিল। অনেকেই মনে করছেন, সেই প্রশ্নের জবাব এড়াতেই তিনি কলার খোসা দেখান। এমনও মন্তব্য উঠেছে—দল প্রতীক উরকে ব্যবহার করে এখন ‘খোসার মতো’ ফেলে দিচ্ছে কি না। যদিও এই যোগসূত্রের প্রশ্নে সেলিম স্পষ্ট উত্তর দেননি।
সেদিনের ঘটনাপ্রবাহও ছিল টানটান। আলিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে না পেরে বেরিয়ে যাওয়ার সময় সেলিম বলেছিলেন, এটাই তার প্রথম আলিয়া সফর, আগে দু-একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। প্রতীক উরকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করবেন না বলেই জানান তিনি। তারপরই সাংবাদিকদের দিকে কলার খোসা দেখিয়ে গাড়ির কাচ তুলে চলে যান। ফলে এখন প্রশ্ন উঠছে—এটি কি সত্যিই একটি সাধারণ ভুল বোঝাবুঝি, নাকি বিতর্ক এড়ানোর চেষ্টা?

