‘সীমাহীন পারমাণবিক অস্ত্রের নতুন বাস্তবতার জন্য প্রস্তুত রাশিয়া’

সংগৃহীত ছবি
নিউ স্টার্ট চুক্তির মেয়াদ এ সপ্তাহের শেষ দিকে শেষ হয়ে যাওয়ার পর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কোনো সীমা না থাকা বিশ্বের নতুন বাস্তবতার জন্য রাশিয়া প্রস্তুত বলে মঙ্গলবার জানিয়েছেন দেশটির অস্ত্র নিয়ন্ত্রণবিষয়ক প্রধান প্রতিনিধি।
মস্কো ও ওয়াশিংটনের মধ্যে শেষ মুহূর্তে কোনো ধরনের দ্বিপক্ষীয় সমঝোতা না হলে, ২০১০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তির মেয়াদ ৫ ফেব্রুয়ারি শেষ হবে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, বেইজিংয়ে অবস্থানকালে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, রাশিয়ার প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ার প্রসঙ্গে ‘জবাব না দেওয়াটাও এক ধরনের জবাব’। তিনি বলেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তির ওপর কোনো সীমা না থাকা বাস্তবতার জন্য রাশিয়া প্রস্তুত।
রিয়াবকভ আরো বলেন, অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে রাশিয়া।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, ইরানের প্রতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো কার্যত আলটিমেটামের শামিল।
তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে, তবে রাশিয়াকে সামরিক ক্ষেত্রে পাল্টা ব্যবস্থা নিতে হবে।
সূত্র : রয়টার্স

