ইমরানের চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে বিরোধীরা, ২৭ সেপ্টেম্বর লংমার্চ

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান/ফাইল ছবি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার অভিযোগে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিরোধী দলগুলো। একই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বিক্ষোভ ও লংমার্চের কর্মসূচিও দিয়েছে তারা।
শুক্রবার ইসলামাবাদে খাইবার পাখতুনখাওয়া হাউসে জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাইয়ের সভাপতিত্বে বিরোধী দলগুলোর সংসদীয় নেতাদের বৈঠকে নেওয়া হয় এসব সিদ্ধান্ত। বৈঠকে ছিলেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান, সিনেটর রাজা নাসির আব্বাস, আসাদ কায়সার, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সুহাইল আফ্রিদি এবং পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজাসহ বিরোধী দলের নেতারা।
বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তার চিকিৎসার বিষয়ে কোনো আপস করা হবে না বলেও জানানো হয়। বিরোধী নেতারা অভিযোগ করেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে সরকার নাটক করছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থতা আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তারা।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ইমরান খানের চিকিৎসা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নের জন্য শনিবার আদালতে আবেদন করবে বিরোধীরা। একই সঙ্গে ২৭ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ বিক্ষোভ ও লংমার্চের কর্মসূচি পালন এবং এতে সব বিরোধী দলকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশজুড়ে জনসম্পৃক্ততা বাড়ানোর কার্যক্রমও জোরদার করার বিষয়ে একমত হন নেতারা। সংবিধানের প্রাধান্য, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় যৌথ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সব রাজনৈতিক ও সংসদীয় সিদ্ধান্ত পারস্পরিক আলোচনার মাধ্যমে নেওয়ার বিষয়েও একমত হন নেতারা।
বৈঠকে বৃহত্তর বিরোধী জোটকে আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। জমিয়তে উলামায়ে ইসলাম ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের সম্ভাব্য অংশগ্রহওণকে স্বাগত জানান নেতারা। তাদের মতে, বৃহত্তর বিরোধী জোট সংসদে বিরোধীদের কণ্ঠ আরও শক্তিশালী করবে।







