আগামীর সময়

মোজতবা খামেনি

অল্পের জন্য বেঁচে গেলেন ইরানের নতুন সুপ্রিম লিডার

অল্পের জন্য বেঁচে গেলেন ইরানের নতুন সুপ্রিম লিডার

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে হত্যার চেষ্টা করা হয়েছে। অল্পের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন তিনি। দুটি ইরানি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, মোজতবা খামেনি মধ্যম সারির একজন আলেম হিসেবে পরিচিত। তিনি ইরানের প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। কট্টরপন্থী হিসেবে পরিচিত মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই দেশটির ধর্মীয়-রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোয় প্রভাব ধরে রেখেছেন।

একটি সূত্র জানায়, ‘তিনি (মোজতবা খামেনি) জীবিত আছেন। সর্বোচ্চ নেতা নিহত হওয়ার সময় তিনি তেহরানে ছিলেন না।’

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই নির্বাচিত করা হবে তাকে হত্যা করা হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালালে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এসব হামলায় তার পরিবারের সদস্যসহ আরও বেশ কয়েকজন সামরিক ও প্রভাবশালী ব্যক্তি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার ভোরে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘোষণা দেয়।

এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলছেন, আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন, ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়ে আসা ব্যক্তিকে লক্ষ্যবস্তু করতে ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল ওয়াশিংটন।

    শেয়ার করুন: