দক্ষিণ লেবাননে ঘর থেকে সেতু—সব ধ্বংস করতে চায় ইসরায়েল

সংগৃহীত ছবি
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) লেবাননের লাইতানি নদীর ওপর থাকা যেসব সেতু ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে’ সেগুলো ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মূলত হিজবুল্লাহ যোদ্ধা ও অস্ত্র যাতে দক্ষিণে সরানো না যায় এ উদ্দেশ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন কাৎজ।
কাৎজ বলেছেন, ‘এছাড়া আমরা সীমান্তবর্তী গ্রামগুলোতে লেবাননের বাড়িঘর ধ্বংসের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছি, যাতে ইসরায়েলি সম্প্রদায়ের প্রতি হুমকি নিরসন করা যায়—গাজার বেইত হানুন ও রাফাহ মডেলের মতো।’
তিনি জানান, আইডিএফ লেবাননে স্থল অভিযান চালিয়ে যাচ্ছে, যার লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূল করা এবং যত দ্রুত সম্ভব অ্যান্টি-ট্যাংক লাইন ও গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলো দখল করা।
কাৎজ আরও জানান, যুদ্ধক্ষেত্র থেকে নিরাপত্তার জন্য দক্ষিণ লেবাননের বাসিন্দাদের লাইতানি নদীর উত্তরে সরে যাওয়ার সুযোগ আইডিএফ অব্যাহত রাখবে।
এদিকে আইডিএফ জানিয়েছে, গত সপ্তাহে লেবাননের লাইতানি নদীর ওপর জারিয়েহ সেতুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)। এটি হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান অভিযানের অংশ।
আইডিএফের দাবি অনুযায়ী, হিজবুল্লাহ যুদ্ধের প্রস্তুতির জন্য এই সেতু ব্যবহার করে উত্তর লেবানন থেকে দক্ষিণে যাতায়াত করত।
তারা আরও দাবি করে, সেতুর কাছে রকেট লঞ্চার স্থাপন করা হয়েছিল এবং সেগুলো ব্যবহার করে ইসরায়েলের ওপর হামলা চালানো হয়েছে।

