সৌদি আরবে এক সপ্তাহ অনলাইন ক্লাস
- রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলেও ছুটি ঘোষণা

রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল
সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা পরিস্থিতির কারণে এক সপ্তাহের জন্য সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে অনলাইন ক্লাস চালুর নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কথা উল্লেখ করে রোববার (১১ অক্টোবর) অভিভাবকদের কাছে পাঠানো ইমেইলে এ তথ্য জানানো হয়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের স্কুলগুলোতে পুরো সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের দূরশিক্ষণ পদ্ধতিতে পাঠদান করা হবে। এ জন্য ব্যবহার করা হবে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন শিক্ষাব্যবস্থা ‘মাদরাসাতি’ প্ল্যাটফর্ম। একই সঙ্গে শিক্ষক, শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনিক কর্মীদেরও দূর থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার ঘটনায় হতাহত হওয়ার খবরের মধ্যে রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অনলাইন ক্লাস চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রকাশিত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (বাংলা কারিকুলাম) কর্তৃপক্ষও ১১ অক্টোবর তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্লাস বন্ধ রাখার কথা জানিয়েছে।
স্কুলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী ক্লাসের বিষয়ে নোটিশের মাধ্যমে জানানো হবে। শিক্ষার্থীদের বাসায় অবস্থান করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
ফলে রিয়াদে বসবাসরত বাংলাদেশি অভিভাবকদের সন্তানদের অনলাইন ক্লাসের প্রস্তুতি, পাঠদানের সময়সূচি এবং পরবর্তী নির্দেশনার বিষয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।



