আগামীর সময়

দুবাইয়ের বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

দুবাইয়ের বন্দরে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা

কুয়েতের তেলের ট্যাংকার আল সালমি। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলের ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি)। একে ইরানের ‘সরাসরি ও অপরাধমূলক’ হামলা বলে উল্লেখ করেছে কেপিসি। এদিকে এই হামলার তথ্য প্রকাশ্যে আসতেই তেলের দাম বেড়ে গেছে। খবর আলজাজিরার

কুয়েত নিউজ এজেন্সির প্রাকাশিত কেপিসির বিবৃতিতে বলা হয়েছে, হামলার সময় ট্যাংকারটি পুরোপুরি তেলে ভর্তি ছিল। এতে জাহাজটির কাঠামোতে (হাল) ক্ষতি হয়েছে এবং হামলার পর জাহাজে আগুন ধরে যায়। এর ফলে আশপাশের পানিতে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, কুয়েতি ট্যাংকারটির ২৪ জন নাবিকের সবাই নিরাপদে আছেন। জাহাজটিতে আগুন নেভানোর কাজ এখনও চলছে।

এদিকে কুয়েত এই হামলার কথা জানানোর পরপরই তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে গেছে। ব্লুমবার্গের তথ্য, মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে গেছে।

    শেয়ার করুন: