হরমুজে হামলা জোরদার করেছে ইরান, ডুবেছে আরও দুই জাহাজ

২০১৪ সালের ১১ আগস্ট নেদারল্যান্ডসের রোজেনবার্গে কন্টেইনার জাহাজ জিএফএস প্রাইড। জাহাজটি গতকাল বুধবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ডুবে গেছে। ছবি: রয়টার্স
‘মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞার’ জবাবে বেশ কিছুদিন ধরে হরমুজ প্রণালিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। এসব হামলায় বুধবার প্রণালিটিতে আরও দুটি জাহাজ ডুবে গেছে বলে সামুদ্রিক কর্মকর্তারা জানিয়েছেন।
ডুবে যাওয়া জাহাজের মধ্যে রয়েছে সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড নামের একটি ছোট কন্টেইনার জাহাজ।
সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, জিএফএস প্রাইড ক্ষতিগ্রস্ত হয় এবং এতে আগুন লেগে যায়। তারপর জাহাজটি ডুবে গেছে। তবে এর আগেই জাহাজে থাকা ২১ জন ক্রু সদস্যকেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী কেপ দাও নামের একটি জাহাজ গত ২৩ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়। কয়েক সপ্তাহ পর সেটি ডুবে গেছে।
সামুদ্রিক সূত্র জানিয়েছে, হামলায় এই জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন। হামলার পরপরই বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
আইএমওর বিশ্লেষণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরু হওয়ার পর ডুবে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় জাহাজ হলো জিএফএস প্রাইড এবং কেপ দাও।
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর অব্যাহত হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ। এ ধরনের হামলা বিনা উসকানিতে, অন্যায্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছে তারা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার পাশাপাশি হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করে তেহরান। প্রণালিটি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।
যুক্তরাষ্ট্রের মিডটার্ম নির্বাচনকে সামনে রেখে তেলের দাম ঊর্ধ্বমুখী রাখতে নানা কৌশল নিচ্ছে ইরান। এরই অংশ হিসেবে গত ১০ দিন হরমুজ পার হতে যাওয়া জাহাজে হামলা বাড়িয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইরান তেলবাহী জাহাজকে বেশি লক্ষবস্তু বানালেও পণ্যবাহী ও কন্টেইনারবাহী জাহাজগুলোও আক্রান্ত হচ্ছে। মার্চ মাসে এক হামলায় মাল্টার পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘সাফিন প্রেস্টেজ’ জাহাজ ডুবে যায়। এপ্রিল মাসে এমএসসি ফ্রান্সেসকা নামের একটি কন্টেইনার জাহাজে হামলা চালিয়ে তা দখল করে নেয় ইরান।
সূত্র: রয়টার্স



