লেবানন থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১

সংগৃহীত ছবি
ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নাহারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম।
সংস্থাটি জানায়, আরও ২৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৫০ বছর বয়সী এক ব্যক্তি শরীরের বিভিন্ন অংশে শেল বা ধাতব টুকরার আঘাতে আহত হয়েছেন।
এছাড়া ১৩ জন হালকা বিস্ফোরণ ও শেল আঘাতে আহত হয়েছেন এবং আরও ১১ জন উদ্বেগজনিত উপসর্গে ভুগছেন বলে জানানো হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো লেবানন থেকে নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে।
ইরান ও হিজবুল্লাহর হামলার কারণে ইসরায়েলের তেল আবিব, মধ্যাঞ্চলীয় এলাকা ও জেরুজালেমে বৃহস্পতিবার প্রায় সারাদিন থেমে থেমে সতর্ক সংকেত বেজেছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। এতে যোগ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। ইসরায়েলও হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করতে লেবাননে হামলা চালাচ্ছে। এতে দেশটিতে বহু মানুষ নিহত ও লাখো মানুষ বাস্তচ্যুত হয়েছে।

