আগামীর সময়

শুল্ক আদায় বন্ধ করবে মার্কিন কাস্টমস

শুল্ক আদায় বন্ধ করবে মার্কিন কাস্টমস

সংগৃহীত ছবি

সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের চাপানো বৈশ্বিক শুল্কগুলো অবৈধ ঘোষণা করে। আর এর তিন দিনেরও বেশি সময় পর, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ১২টা ১ মিনিট থেকে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ)-এর অধীনে আরোপিত শুল্ক আদায় বন্ধ করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) সংস্থা।

সংস্থাটি তাদের কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) প্রেরিত এক বার্তায় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী আইইইপিএ-সংক্রান্ত আদেশের সঙ্গে যুক্ত সব শুল্ক কোড মঙ্গলবার থেকে নিষ্ক্রিয় করা হবে।

আইইইপিএ-ভিত্তিক শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্তটি ট্রাম্পের নতুন ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের সঙ্গে একই সঙ্গে এলো। সুপ্রিম কোর্ট শুক্রবার যে শুল্কগুলো বাতিল করেছে সেগুলোর বিকল্প হিসেবে তিনি ভিন্ন এক আইনি ক্ষমতার অধীনে এ শুল্ক আরোপ করেছেন।

সুপ্রিম কোর্টের রায়ের কয়েক দিন পরও কেন প্রবেশবন্দরগুলোতে শুল্ক আদায় অব্যাহত রাখা হয়েছিল, সে বিষয়ে সিবিপি কোনো কারণ উল্লেখ করেনি। তাদের বার্তায় আমদানিকারকদের সম্ভাব্য অর্থ ফেরত সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি।

বার্তায় উল্লেখ করা হয়, শুল্ক আদায় বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের আরোপিত অন্যান্য শুল্কের ওপর প্রযোজ্য নয়, যার মধ্যে রয়েছে সেকশন ২৩২ জাতীয় নিরাপত্তা আইন এবং সেকশন ৩০১ অন্যায্য বাণিজ্যচর্চা আইনের অধীনে আরোপিত শুল্ক।

সংস্থাটি জানায়, ‘প্রয়োজন অনুযায়ী সিএসএমএস বার্তার মাধ্যমে বাণিজ্য সম্প্রদায়কে অতিরিক্ত দিকনির্দেশনা প্রদান করা হবে।’

রয়টার্স শুক্রবার জানিয়েছে, পেন-ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী আইইইপিএ-ভিত্তিক শুল্ক থেকে যুক্তরাষ্ট্রের কোষাগারে জমা হওয়া ১৭৫ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব সম্ভাব্য ফেরতের আওতায় পড়তে পারে। তাদের প্রাথমিক পূর্বাভাস মডেল অনুযায়ী, আইইইপিএ-ভিত্তিক শুল্ক প্রতিদিন মোট ৫০০ মিলিয়ন ডলারের বেশি রাজস্ব আদায় করছিল।

    শেয়ার করুন: