ভারতে বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

দুর্ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের কানপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে গঙ্গা ব্যারাজের কাছে নত্থুপুরওয়া গ্রামের একটি মাঠে প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এতে প্রশিক্ষক পাইলট ও প্রশিক্ষণরত পাইলটের মৃত্যু হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি দুই ইঞ্জিনের চার আসনের প্রশিক্ষণ বিমান। প্রশিক্ষণ উড্ডয়নের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গা ব্যারাজসংলগ্ন খোলা মাঠে আছড়ে পড়ে এটি। এতে বিমানের কাঠামো দুমড়ে-মুচড়ে যায় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ, প্রশাসন ও জরুরি উদ্ধারকর্মী দল। স্থানীয় বাসিন্দারাও প্রথমে উদ্ধারকাজে সহায়তা করেন। পরে পুলিশ ও প্রশাসন এলাকা ঘিরে ফেলে এবং ধ্বংসাবশেষ সরিয়ে তদন্ত শুরু করে।
বিমানটি কানপুরের সিভিল অ্যারোড্রোম থেকে প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনা করছিল।
তবে অল্প উচ্চতায় বিমানটি কেন নিয়ন্ত্রণ হারায়, তা এখনো স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, উড্ডয়ন পরিস্থিতি কিংবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
এদিকে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।






