প্রতিবেশীদের জন্য দরজা খুলতেই ৪৮৯৫ কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব পেল ভারত

এআই
ভারতে চীনসহ সীমান্তবর্তী দেশগুলোর বিনিয়োগের নিয়ম শিথিল করার পর ৪ হাজার ৮৯৫ কোটি রুপির (৫১ কোটি ১৫ লাখ ডলার) বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেয়েছে নয়াদিল্লি। ভারত সরকার শুক্রবার জানিয়েছে, নতুন নিয়মের আওতায় এখন পর্যন্ত ২৯টি প্রস্তাব জমা পড়েছে।
এসব প্রস্তাবের মধ্যে তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উৎপাদন, ওষুধ, ডেটা সেন্টার ও পরিবহন খাতে বিনিয়োগ রয়েছে।
মে মাসে চালু হওয়া নতুন নিয়মে ভারতের সঙ্গে স্থলসীমান্ত থাকা দেশগুলোর বিনিয়োগকারীদের জন্য কিছু শর্ত সহজ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসব দেশের বিনিয়োগকারীরা কোনো ভারতীয় প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণহীন অংশীদারি থাকলে সরকারি অনুমোদন ছাড়াই বিনিয়োগ করতে পারবেন। তবে সংশ্লিষ্ট খাতের বিনিয়োগসীমা ও অন্যান্য শর্ত মানতে হবে।
এর আগে, ভারতের সঙ্গে স্থলসীমান্ত থাকা কোনো দেশের সঙ্গে সুবিধাভোগী মালিকানার সম্পর্ক থাকলে বিদেশি বিনিয়োগকারীদের সাধারণত আগে থেকেই সরকারের অনুমোদন নিতে হতো। ২০২০ সালে চালু হওয়া এই নিয়মে মালিকানার অংশ খুব সামান্য হলেও অনুমোদন নেওয়া বাধ্যতামূলক ছিল।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৯টি বিনিয়োগের প্রস্তাব এসেছে মরিশাস, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, লুক্সেমবার্গ ও কেম্যান দ্বীপপুঞ্জসহ বিভিন্ন দেশে অবস্থিত বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান থেকে।’






