নেহা বোরা ছাড়া পেলেন, দীপকে এখনো আটক

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) প্রধান নেহা বোরা। ফাইল ছবি/ রয়টার্স
অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) প্রধান নেহা বোরাকে হেফাজত থেকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। শনিবার ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবারের ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং নেহাকে আটক করে পুলিশ। অভিজিৎ দীপকে এখনো আটক আছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা আইনের ১২৬ ও ১৭০ ধারায় দীপকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
পুলিশ জানিয়েছে, আইনের ৬৫ ধারায় হেফাজত-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।
তবে দীপকের অবস্থান নিয়ে উদ্বেগ জানিয়েছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। তার অবস্থান এখনো জানা যায়নি। আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি।’
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করা হয়।
ভোটার তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সিজেপি, বিরোধী দল, বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের সংগঠনগুলো ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে আসছে।
এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের অভিযোগ, এতে ভোটার তালিকা থেকে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্বাচন কমিশন এসব অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। এ নিয়ে বিরোধী দল ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
সূত্র : এনডিটিভি




