ভারতে সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রার ডাক

দিল্লির মেট্রো স্টেশনে সোমবার সকালেও পুলিশ মোতায়েন অবস্থায় দেখা গেছে। ছবি/ সংগৃহীত
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের দুদিন পর আজ সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী দলগুলোর ‘ইন্ডিয়া’ জোট।
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। ইন্ডিয়া জোটভুক্ত কয়েকটি দলের নেতাদের এতে অংশ নেওয়ার কথা রয়েছে। তারা এসআইআর প্রক্রিয়া নিয়ে নিজেদের উদ্বেগ তুলে ধরবেন।
পদযাত্রার কয়েক ঘণ্টা আগে কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘গতকাল দেশের তরুণরা দিল্লিতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিল। তাদের হৃদয়ে ছিল ভালোবাসা, ঘৃণা বা ক্ষোভ নয়। পুলিশ ও বিজেপির কর্মীরা তাদের মারধর করেছে। আমরা এমন ভারত চাই না।’
রাহুল গান্ধী আরও বলেছেন, ‘আগামীকাল আমরা ভারতীয় হিসেবে, দল, লিঙ্গ, জাত, সম্প্রদায় ও রাজ্যের বিভেদ পেরিয়ে ঐক্যবদ্ধ হয়ে সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করব। তরুণরা, সব বিরোধী দল, নাগরিক সমাজের সংগঠন এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করেন ও ভারতের সংবিধানের পক্ষে রয়েছেন, তারা আমাদের সঙ্গে হাঁটবেন।’
তিনি বলেছেন, ‘দেশের পক্ষ থেকে আমরা প্রধান বিচারপতির কাছে একটি স্মারকলিপি জমা দেব। এতে ভোট চুরি বন্ধ করা, এসআইআর প্রক্রিয়া স্থগিত করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো হবে।’
লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ, অজিত ডোভাল ও মোহন ভাগবত ভারতের কণ্ঠস্বর স্তব্ধ করতে পারবেন না। এসব কাপুরুষ আমাদের ভয় দেখাতে পারবেন না। তাদের সরে দাঁড়াতেই হবে। আমরা ভালোবাসা, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম নিয়ে একসঙ্গে পদযাত্রা করব। ভয় পাবেন না। আগামীকাল পুরো ভারত সুপ্রিম কোর্টের দিকে পদযাত্রা করবে।’
এর আগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে ব্যাপক পুলিশি তৎপরতা দেখা যায়। বিক্ষোভ ঠেকাতে সিজেপির কয়েকজন নেতাকে আটক করা হয়েছিল। বিক্ষোভের কারণে দিল্লির বিভিন্ন এলাকায় যান চলাচল ও মেট্রো পরিষেবায়ও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আন্দোলনকারীরা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়ে সিইসির অপসারণের দাবি তুলেছিলেন।
সূত্র : এনডিটিভি




