এবার প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির আলটিমেটাম
- না হলে দিল্লি অভিযানের ডাক

ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দিপকে। ফাইল ছবি / রয়টার্স
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লি অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক অভিজিৎ দিপকে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বড় বিক্ষোভ হবে। সারা দেশ থেকে দলের সমর্থকেরা ওই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার গান্ধীজয়ন্তীতে মুম্বাইয়ের শিবাজি পার্কে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ককরোচ জনতা পার্টি। পুলিশের অনুমতি না থাকলেও সেখানে বহু মানুষ জড়ো হন।
নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এই আন্দোলন করা হয়।
সেই বিক্ষোভ থেকেই ১০ অক্টোবর দিল্লি অভিযানের ঘোষণা দেন অভিজিৎ দিপকে। তিনি জানিয়েছেন, কর্মসূচি শান্তিপূর্ণ থাকবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান, এমন সবাইকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ দিল্লিতে মিছিল আটকানোর চেষ্টা করলে যেখানে তাদের থামানো হবে, সেখানেই প্রতিবাদ শুরু হবে বলেও জানিয়েছেন দিপকে। মহাত্মা গান্ধীর দেখানো অহিংসার পথেই আন্দোলন চালানোর কথা বলেছেন তিনি।
এই আন্দোলনের সূত্রপাত ভোটার তালিকা নিয়ে বিতর্ক থেকে। বিরোধী দল ও আন্দোলনকারীদের অভিযোগ, এসআইআরের নামে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে এবং ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, এসআইআরের উদ্দেশ্য হলো মৃত, অযোগ্য ও একাধিকবার তালিকাভুক্ত ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করা।
এর আগে ২ অক্টোবর দিল্লিতেও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়। যন্তর মন্তরের দিকে মিছিল করার চেষ্টা করলে সাত শর বেশি মানুষকে আটক করে পুলিশ। বিক্ষোভে বিরোধী দলের কর্মীদের পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধিরাও ছিলেন।
ককরোচ জনতা পার্টির এই আন্দোলন অবশ্য নতুন নয়। এর আগে জাতীয় স্তরের পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগে সংগঠনটি দিল্লিতে দীর্ঘ আন্দোলন করেছিল। সেই আন্দোলনের পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এবার তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া।




