মণিপুরে ফের সংঘর্ষ

নতুন করে আবার সহিংসতা ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে। গতকাল সোমবার সকালে ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র হামলায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আগের দিন রবিবার রাতেও থৌবাল জেলায় সংঘর্ষে মৃত্যু হয় আরও একজনের। একের পর এক প্রাণহানির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা নিহত দুজনের লাশ মুখ্যমন্ত্রীর বাসভবনের ফটকের সামনে রেখে বিক্ষোভ করেছেন। জমায়েত সরাতে টিয়ার গ্যাসের শেল ও লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে থৌবাল জেলায় একাধিক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। এনডিটিভি।
গত এক মাসে মণিপুরে সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৪০ জন। তিন বছরেরও বেশি সময় ধরে রাজ্যটিতে অস্থিরতা চলছে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ফেব্রুয়ারি থেকে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ইউ খেমচাঁদ সিং।



