আগামীর সময়

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, জানালেন ম্যাক্রোঁ

ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত, জানালেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

ইরাকের কুর্দিস্তানে হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ কথা জানিয়েছেন। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ তথ্য জানান।

ফরাসি প্রেসিডেন্ট লিখেছেন, ইরাকের ইরবিল অঞ্চলে হামলার সময় ফ্রান্সের হয়ে ভার্সেসের ৭ম ব্যাটালিয়নের চ্যাসিউরস আলপিন্সের প্রধান ওয়ারেন্ট অফিসার আরনাউড ফ্রিয়ন মারা গেছেন।

এ ঘটনায় শোক জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার পরিবার, তার সহোদর ভাইদের প্রতি, আমি জাতির সমস্ত স্নেহ এবং সহমর্মিতা প্রকাশ করতে চাই। আমাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছেন। ফ্রান্স তাদের পাশে রয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েক শ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছেন।

ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

    শেয়ার করুন: