বালেন্দ্র শাহর মন্ত্রিসভার ১৪ মন্ত্রী চূড়ান্ত

সংগৃহীত ছবি
বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে যাওয়া মন্ত্রীদের নাম চূড়ান্ত করল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। মন্ত্রীত্ব পেতে যাচ্ছেন এমন কয়েকজন ব্যক্তিসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে এ তথ্য জানাল কাঠমুন্ডু পোস্ট।
আরএসপির বেশ কয়েকজন নেতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবিদার হলেও শেষ পর্যন্ত সুদান গুরুংকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 'জেন-জি' আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা গুরুং গোর্খা-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
অর্থমন্ত্রী হতে যাচ্ছেন দলের সহ-সভাপতি ড. স্বর্নিম ওয়াগলে। অর্থনীতিবিদ হিসেবে পরিচিত ওয়াগলে তানাহু-১ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন শিশির খানাল। তিনি বর্তমানে দলের আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংস্কৃতি, পর্যটন ও নাগরিক বিমান চলাচল মন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন লেখক খড়ক রাজ (গণেশ) পৌডেল। তিনি কাস্কি-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহোত্তরী থেকে নির্বাচিত দীপক শাহ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
কাঠমান্ডু-৫ থেকে নির্বাচিত সস্মিত পোখরেলকে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন বিক্রম তিমিলসিনা।
ফেডারেল অ্যাফেয়ার্স, ভূমি ব্যবস্থাপনা ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন প্রতিভা রাওয়াল। পেশায় সাংবাদিক প্রতিভা রাওয়াল বর্তমানে দলের সহ-মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জ্বালানি, জলসম্পদ ও সেচ মন্ত্রী হচ্ছেন বিরাজ ভক্ত শ্রেষ্ঠ। কাঠমান্ডু ভিত্তিক এই নেতা এর আগে আরএসপির সংসদীয় দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কৃষি, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন গীতা চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। কানুন বা আইন মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন আইনি বিশেষজ্ঞ সোবিতা গৌতম। গত ৫ মার্চের নির্বাচনে চিতওয়ান-৩ আসনে তিনি সাবেক মেয়র রেণু দাহালকে পরাজিত করে চমক দেখিয়েছিলেন।
নারী, শিশু ও জ্যেষ্ঠ নাগরিক মন্ত্রী হচ্ছেন সীতা বদি। ভৌত অবকাঠামো ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সুনীল ল্যামসাল। এছাড়া স্বাস্থ্য, জনসংখ্যা ও পানি সরবরাহ মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন নিশা মেহতা।
শুক্রবার সকালে আরএসপি সভাপতি রবি লামিছানে ও জ্যেষ্ঠ নেতা বালেন্দ্র শাহর মধ্যে আলোচনার পর এই তালিকা চূড়ান্ত করা হয়। বর্তমানে চূড়ান্ত তালিকাটি রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

