পাকিস্তানে জোড়া বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহত অন্তত ১৭

ফাইল ছবি
পাকিস্তানের উত্তর-পশ্চিমা পৃথক দুটি বোমা হামলা ও পুলিশের সঙ্গে জঙ্গিদের গোলাগুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন।
আফগানিস্তানের সীমান্ত লাগোয়া পাকিস্তানের দক্ষিণ ও উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা বিদ্রোহ দমনে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রায়ই সেখানে সরকারি প্রতিষ্ঠান ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালায় জঙ্গি বাহিনী।
এর আগে, চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত ও ১৬৯ জন আহত হন।
পরে ওই মসজিদে হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

