নেপালে ভূমিধস বিজয়ের পথে অভ্যুত্থানকারীদের দল

কাঠমান্ডু-১ আসনে জয় পাওয়ার পর উদযাপন করছেন আরএসপি প্রার্থী রঞ্জু দর্শনা। ছবি: সংগৃহীত
নেপালের পার্লামেন্ট নির্বাচনে ভূমিধস বিজয়ের পথে রয়েছে দেশটিতে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। ভোট গণনা শেষ না হলেও ইতিমধ্যে ২০টি আসনে জয় পেয়েছে তারা। সেইসঙ্গে এগিয়ে আছে আরও ৯৫ আসনে। সেখানে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির দল জিতেছে মাত্র একটি আসন, আর এগিয়ে আছে ১৪টি আসনে।
নেপালের পার্লামেন্টের দুই কক্ষের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ হয়। ২৭৫ সদস্যের আইনসভার ১৬৫ জন সরাসরি এবং ১১০ জন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) মাধ্যমে নির্বাচিত হবেন।
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, আরএসপির পর দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি আসনে জিতেছে নেপালি কংগ্রেস। তারা এগিয়ে আছে ৯টি আসনে। অন্যদিকে নেপালি কমিউনিস্ট পার্টি পেয়েছে দুটি আসন আর তারা এগিয়ে আছে ১০টি আসনে।
গেল বছরের সেপ্টেম্বরে তরুণ প্রজন্মের বিক্ষোভে ও সরকারের পতনের পর নেপালে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে যেমন অংশ নিচ্ছে গতানুগতিক ধাঁচের রাজনীতি করা নেপালি কংগ্রেস এবং সিপিএন-ইউএমএলের মতো দল। তেমনি তিন বছর আগে গঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যেই দলে রয়েছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। র্যাপ গায়ক বালেন্দ্র কাঠমান্ডুর সাবেক এবং গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট।

