আগামীর সময়

মার্কিন কোম্পানি থেকে এআইচালিত ড্রোন কিনতে চায় সৌদি আরব

মার্কিন কোম্পানি থেকে এআইচালিত ড্রোন কিনতে চায় সৌদি আরব

শিল্ড এআইয়ের তৈরি ভি-ব্যাট ড্রোন

সৌদি আরব যুক্তরাষ্ট্রের এআই স্টার্টআপ শিল্ড এআই থেকে ড্রোন কেনার জন্য আলোচনা শুরু করেছে।


মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই— গতকাল সোমবার দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানায়।


ট্রাম্প প্রশাসন জ্বালানি-সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে অস্ত্র বিক্রির প্রচেষ্টা ত্বরান্বিত করার মধ্যে এই খবর এলো। দুই পক্ষের মধ্যে আলোচনা যদিও প্রাথমিক পর্যায়ে রয়েছে।


সৌদি আরব ইয়েমেন থেকে সুদান পর্যন্ত আঞ্চলিক উত্তেজনাপূর্ণ এলাকায় তার মনোযোগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে এসব ড্রোন কেনা হলে তা উত্তেজনাপূর্ণ এই এলাকায় ব্যবহার করা হতে পারে।


শিল্ড এআই ড্রোনগুলো চালানোর জন্য ‘হাইভমাইন্ড’ এআই সফটওয়্যার ব্যবহার করে।


ভি-ব্যাট মডেলের ড্রোন ইন্টেলিজেন্স, নজরদারি এবং গোয়েন্দা মিশনে ব্যবহার করা হয়। এটি জাহাজ থেকে উৎক্ষেপণ করা যায়। যা জিপিএস, যে কোনো ধরনের যোগাযোগ বা মানুষের সহযোগিতা ছাড়াই এআইয়ের মাধ্যমে ১৩ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে।


সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার কারণে সৌদি আরব লোহিত সাগর ও আরব সাগরে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে। ডিসেম্বরে সৌদি আরব ইয়েমেনের মুকাল্লা বন্দরে একটি আমিরাতি অস্ত্র চালান লক্ষ্য করে হামলা চালায়।


অন্যদিকে সৌদি আরব গতকাল সোমবার সোমালিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি সই করেছে। এছাড়া মিশরের সমর্থনে ইরিত্রিয়ার সঙ্গে নিরাপত্তা যোগাযোগ আরও গভীর করার জন্য আলোচনা করছে।


এক্স-ব্যাট ড্রোন


শিল্ড এআইয়ের নতুন ড্রোন হলো এক্স-ব্যাট। এটি ফাইটার ড্রোন। যা উল্লম্বভাবে উড্ডয়ণ ও অবতরণ করতে পারে অর্থাৎ রানওয়ে ছাড়াই জাহাজ থেকেও উৎক্ষেপণ সম্ভব।


কোম্পানির দাবি, একটি প্রচলিত ফাইটার জেট বা হেলিকপ্টারের জায়গায় ৩টি এক্স-ব্যাট রাখা সম্ভব। এটি ২০২৫ সালের অক্টোবরে উন্মোচন করা হলেও কিন্তু এখনো সার্ভিসে আসেনি।


সৌদি আরব ভবিষ্যতে উভয় সিস্টেম ক্রয় করতে পারে বলে জানা যাচ্ছে। তবে এর জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনের আলাদা অনুমোদন প্রয়োজন হবে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সামরিক সম্পর্ক আরও শক্তিশালী হয় গত নভেম্বরে। সে সময় দেশ দুটি একটি প্রতিরক্ষা অংশীদারিত্বে সম্মত হয়েছে, যা রিয়াদকে দ্রুত অস্ত্র সরবরাহ নিশ্চিত করবে। 


    শেয়ার করুন: