হিজলগাছটিতে ফুল ফুটল কি না— তা দেখতে আমার প্রায়ই যাওয়া হয় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের কোয়ার্টার এলাকার কাছে। কখনো হেঁটে, ক্যাম্পাসে রাউন্ড দেওয়ার ফাঁকে, কখনো আবার কোনো স্টাফের পুরনো বাইসাইকেল নিয়ে। আসলে গাছপালার সঙ্গে আমার একধরনের নীরব সখ্য। তাই সুযোগ পেলেই খোঁজ নিই— স্নেহের গাছগুলো কেমন আছে! কোনটিতে নতুন ফুল এলো, কোন ফলটি আর একটু বড় হওয়ার অপেক্ষায় আছে, আর কোনটি গাছ থেকে সংগ্রহের উপযোগী হয়ে উঠল।
বর্ষা শুরুর কয়েক দিন পর এমনই এক সকালে চোখ আটকে গেল একটি নরম স্বভাবের গুল্মজাতীয় গাছে। বৃষ্...