আলোহীন চোখে স্বপ্নের বুনন তার হাত ধরেই। শত শত শিক্ষার্থী অদেখা জগৎটাকে প্রথম তার চোখ দিয়েই দেখেছেন। ধীরে ধীরে অসাড় চোখ জোড়ায় দিয়েছেন আলো। দৃষ্টিশক্তির চেয়েও প্রখর সেই আলো। সমাজের পশ্চাৎপদতা, অবজ্ঞা-অবহেলার বিরুদ্ধে এ এক নিদারুণ শক্তি— শিক্ষার আলো। সত্যি, এই জনপদের দৃষ্টিহীন শত শত শিক্ষার্থী শিক্ষক আবদুস সামাদের হাত ধরেই স্বপ্ন দেখতে শিখেছে, ভালোবাসতে শিখেছে, শিখেছে মানবিকতা। রবীন্দ্রনাথের ‘অন্ধজনে দেহ আলো’ কথাটা আবদুস সামাদের কর্মের সঙ্গে মিলে যায়। মো. আবদুস সামাদ শুধু দৃষ্টিহীনদের মধ্যে শি...