বাড়ির উঠানে, রান্নাঘরসহ লোকালয়ে সাপ ঢুকে পড়ার খবর পেলেই ছুটে যান আশিকুল ইসলাম মিথুন। আতঙ্কিত মানুষ যখন সাপটিকে মেরে ফেলতে চান, তখন মিথুনের চেষ্টা থাকে সেটিকে নিরাপদে উদ্ধার করে তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া। এজন্য কোনো পারিশ্রমিক নেননি তিনি। প্রকৃতি ও পরিবেশ রক্ষার তাগিদেই স্বেচ্ছাশ্রমে এই কাজ করে যাচ্ছেন যশোরের চৌগাছা উপজেলার এই তরুণ।
ছোটবেলা থেকেই বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি আগ্রহ ছিল মিথুনের (২৮)। তবে সেই আগ্রহকে কাজে রূপ দেওয়ার সুযোগ আসে ২০২৩ সালে। উচ্চশিক্ষার জন্য ঢাকার একটি বেসরকার...