একসময় কুমিল্লার লাকসামের প্রায় প্রতিটি গৃহস্থবাড়িতে দেখা যেত মাটির তৈরি বড় পাত্র ‘মটকা’ বা ‘মটকি’। এতে সংরক্ষণ করা হতো চাল, বীজ ও শুকনো খাবার। পানি রাখলে তা ঠান্ডাও থাকত। প্লাস্টিকের পাত্রের ব্যবহার বাড়ায় কালের বিবর্তনে এখন হারিয়ে যেতে বসেছে সেই মটকা। কোথাও দুয়েকটি থাকলেও সেগুলো পড়ে রয়েছে অব্যবহৃত অবস্থায়।
লাকসাম উপজেলার গোবিন্দপুর, উত্তরদা, আজগরা, মুদাফরগঞ্জ, কান্দিরপাড় ও লাকসাম পূর্ব ইউনিয়নের কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে চার-পাঁচটি বাড়িতে মটকা পাওয়া গেছে। তবে এগুলোর কোনোটিই এখন আর ব্যবহার হচ্ছে না...