ঢাকার মানুষ বড় ভাগ্যবান। পৃথিবীর অনেক শহরে কল খুললে পানি আসে। তবে ঢাকার কল খুললে আসে গবেষণার বিষয়। গবেষণা বলছে, ভূগর্ভস্থ পানির স্তর নাকি প্রতি বছর এক থেকে তিন মিটার নিচে নামছে। পানি যত নিচে নামছে, আমাদের নলকূপ তত গভীরে যাচ্ছে। একসময় হয়তো পানি তুলতে নলকূপের সঙ্গে লিফটও লাগবে। তখন ওয়াসার বিজ্ঞপ্তি আসবে, ‘পাতাল থেকে পানি উত্তোলনে নাগরিকদের সহযোগিতা কাম্য।’
ঢাকার চারপাশে নদী আছে। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা। শুধু নদীর পানি নেই, আছে নদীর নামে পরিচিত একধরনের তরল পদার্থ। শিল্পবর্জ্য, নর্...