গ্রীষ্মের কাঠফাটা রোদ হোক কিংবা বর্ষার অঝোর ধারা— সাইকেলের হ্যান্ডেলে বাঁধা বস্তায় তালের বীজ, সঙ্গে একটি কোদাল, দা আর পানির বোতল নিয়ে বেরিয়ে পড়েন এক বৃদ্ধ। আপন মনে রাস্তার পাশে, পুকুরপাড়ে কিংবা রেললাইনের ধারে বুনে চলেন তালের বীজ। কারণ, তার একটাই লক্ষ্য— বজ্রাঘাত থেকে মানুষকে বাঁচানো।
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের এই বৃদ্ধের নাম চিত্তরঞ্জন দাস (৭০)। স্থানীয়দের কাছে তিনি ‘চিত্ত দা’ বা ‘বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন’ নামেই বেশি পরিচিত। গত ১৮ বছরে তিনি নিজ উদ্যোগে বপন করেছেন প্রায় ছয় লাখ তালবীজ...