ঝালকাঠির নলছিটি উপজেলায় বিষখালী নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে তিনটি বিদ্যালয়। গত সপ্তাহের ভাঙনে বিদ্যালয়ের মাঠের একাংশসহ নদীর তীররক্ষা বাঁধের বড় অংশ বিলীন হয়েছে। ভাঙন অব্যাহত থাকলে যেকোনো সময় বিদ্যালয়গুলোর ভবনও নদীতে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও অভিভাবকরা। এতে তিন শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে পাশাপাশি রয়েছে ভবানীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্য...