ভিসা একটি রাষ্ট্রের প্রশাসনিক সেবা। এটি কোনো দয়া-দাক্ষিণ্যের বিষয় নয়, নয় কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত গোষ্ঠীর ব্যবসার ক্ষেত্রও। অথচ বাংলাদেশে বিদেশগামী মানুষের জন্য ভিসা প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই এক অসহনীয় দুর্ভোগের নাম। প্রযুক্তির উৎকর্ষ, ডিজিটাল সেবার বিস্তার এবং কাগজবিহীন প্রশাসনের যুগেও যদি সাধারণ মানুষকে ভিসা পেতে দালাল, সিন্ডিকেট কিংবা অতিরিক্ত অর্থের ওপর নির্ভর করতে হয়, সেই সঙ্গে অ্যানালগ যুগের গলাকাটা পাসপোর্টের মতো ভিসা জালিয়াতির শিকারও হতে হয়— তাহলে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতাই নয়; এটি নাগর...