বিকালের আলো তখন ধীরে ধীরে নরম হয়ে আসে। ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী প্রাঙ্গণে একে একে ঢুকতে থাকেন নানা বয়সী মানুষ। কারও হাতে বাজারের ব্যাগ, কেউ কর্মদিবস শেষে সরাসরি এসেছেন। কয়েকজন চুপচাপ দৈনিক পত্রিকার পাতা উল্টাচ্ছেন, কেউ আবার বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে খুঁজছেন পছন্দের বই। স্মার্টফোনের দখলে চলে যাওয়া এ সময়ে দৃশ্যটি খানিকটা ব্যতিক্রমই বলা যায়। কারণ, দেশের অনেক ঐতিহ্যবাহী পাঠাগার যখন পাঠকশূন্য হয়ে পড়ছে, তখনো দুর্গাবাড়ী পাঠাগারে বিকাল-সন্ধ্যায় নিয়মিত পাঠকের আনাগোনা থাকে।দুর্গাবাড়ী ধর্মসভার অধীন পরিচাল...