‘ছোটবেলার মতো এসো ফুল তুলিতে যাই, ফুলে ফুলে গড়ে দেবো আঁচল সারাটাই, কী ফুল নেবে গো, কী ফুল চাই?...’ নব্বই দশকের ব্যান্ড ‘মনিটর’-এর এই গানটি কানে এলেই কেমন যেন হঠাৎ হারিয়ে যাই সেই ছোটবেলায়। চোখের সামনে ভেসে ওঠে মফস্বল শহর রংপুরের সেই দিনগুলো। বয়স তখন সাত কি আট। পৃথিবীটা ছিল ছোট, অথচ আনন্দগুলো ছিল বিশাল।
সেই সময়ের রংপুর শহরের সেন্ট্রাল রোডের পায়রা চত্বর, শহীদ মোবারক সরণি— সবই ছিল আমাদের চেনা জগৎ। রংপুর সরকারি কলেজের ছাত্রাবাস ‘পাংঘা হাউস’-এ বড়রা খেলতে যেত। অ্যান্টিক ধাঁচের সেই ভবনটি দেখতে তখন আমাদ...