বিশ শতকের প্রারম্ভে পৃথিবীটা যখন প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, তখনই ইংরেজি কবিতার আকাশে এক নিঃশব্দ বিস্ফোরণ ঘটে। ১৯২২ সালে প্রকাশিত হয় একটি কবিতা—‘দ্য ওয়েস্ট ল্যান্ড’। মাত্র ৩৪ বছরের এক আমেরিকান কবির লেখা এই কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে যেন কবিতা নামের প্রাচীন শিল্পপ্রকরণটি আধুনিকতার পথে যাত্রা শুরু করে। ‘দ্য ওয়েস্ট ল্যান্ড’ শুধু একটি কবিতা নয়—এটি এমন একটি ঘটনা, এক ভূমিকম্প, যা আধুনিক কবিতার আগে-পরের সময়কে চিহ্নিত করে দেয়। আর এই কবিতার লেখক টমাস স্টেয়ার্ন...