গোধূলি নামতে না নামতেই বদলে যায় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ের পরিবেশ। দিনের যানজট আর কোলাহলের মধ্যেই হঠাৎ কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে চারপাশ। রাজেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি মাধবীলতা গাছে ঝাঁকে ঝাঁকে এসে বসতে শুরু করে হাজারো চড়ুই। কিছুক্ষণের মধ্যেই সবুজ পাতার ফাঁকে পাখিদের ভিড়ে গাছটি যেন পরিণত হয় জীবন্ত এক অভয়ারণ্যে।
একসময় গ্রামের কুঁড়েঘর, বাঁশের কড়িকাঠ কিংবা খড়ের চাল ছিল চড়ুইয়ের নিরাপদ আশ্রয়। নগরায়ণের সঙ্গে হারিয়েছে সেই আবাস। গ্রামেও এখন আগের মতো দেখা মেলে না পরিচিত এই ছোট্ট পাখিটি...