তিন বছর আগে
মুখ পুরো হাঁ করে একবার শ্বাস নিলেন দেবেন্দ্র বর্মন। হাপরের মতো ওঠানামা করছে তার বুক। পাশে দাঁড়ানো কৃষ্ণা বর্মন স্বামীর সেই বুক ওঠানামা দেখতে পেলেন না; কিন্তু বুঝতে পারলেন ব্যাপারটা। ধড়ফড় করছে যে তার বুকটাও, আটকে আসা নিঃশ্বাসে কাতর হয়ে আছেন যে তিনিও!
দেবেন্দ্র বর্মন আর কৃষ্ণা বর্মন দাঁড়িয়ে আছেন বুকপানিতে। আগের রাতে হাঁটু অবধি পানি ছিল। বৈশাখে এবারের আগাম বৃষ্টি আর বন্যায় সব ফসল ডুবে যেতে যেতে যতটুকু তুলতে পেরেছিলেন ঘরে; রেখেছিলেন বাঁশের মাচায়, মাটির ঘড়ায়, চৌকির কোনায়। মাঝরাতে ঘুম ভেঙে...