বাংলাদেশ নিয়ে গত কয়েক বছরে এত সেমিনার হয়েছে, এত প্রবন্ধ লেখা হয়েছে, এত কূটনীতিক বঙ্গোপসাগরের মানচিত্রে আঙুল রেখে ‘কৌশলগত অবস্থান’ নিয়ে বক্তৃতা দিয়েছেন যে, আমরা প্রায় বিশ্বাস করতে শুরু করেছি, ভূগোল নিজেই আমাদের পক্ষে কাজ করছে। কিন্তু কনটেইনারবাহী জাহাজের ক্যাপ্টেনের কাছে মানচিত্র বড় কথা নয়। তার প্রশ্ন একটাই— তোমার বন্দরে পানি কতটা গভীর?
এ প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বাংলাদেশের ভূরাজনৈতিক গুরুত্বের আসল পরীক্ষা। গুরুত্ব ঘোষণা করা সহজ। সেটাকে বন্দরের ঘাটে, রেললাইনের ওয়াগনে আর রপ্তানির হি...