‘বিশ্বকাপ কী করে জিততে হয়’ নামে একটা বই লিখেছেন ক্রিস ইভানস নামে এক ফুটবল সাংবাদিক। আমাজনে ২৫ ডলারের মতো দাম। শীর্ষস্তরের ফুটবলার এবং কোচদের চোখ কপালে তোলার মতো বেতনের তুলনায় অঙ্কটা চীনা বাদামের খোসার চেয়েও তুচ্ছ। বই পড়ে তো আর বিশ্বকাপ জেতা যায় না। সেটি হলে ইভানসের নিজের দেশ ইংল্যান্ডই এবার সেমিফাইনাল থেকে বিদায় নিত না। বিশ্বকাপটা জিততে হয় খেলে আর সেই খেলাটা গড়ে বা ভাঙে হচ্ছে মাঝমাঠে। কিছুটা পকেট স্পেসে, রক্ষণ আর মাঝমাঠের মাঝের খালি জায়গায়। আর্জেন্টিনা আর স্পেন, ফাইনালের দুই প্রতিপক্ষ যেন একই শক...