কিছু ফুল খুঁজে পেতে হয়। এরা বাগানের অন্য ফুলের মতো চোখের সামনে এসে দাঁড়ায় না; বড় বড় পাতার আড়ালে নীরবে লুকিয়ে থাকে। হঠাৎ একদিন এর গন্ধ বাতাসে ভেসে এসে জানিয়ে দেয়— আমি আছি। কাঁঠালিচাঁপা তেমনই এক ফুল। অনেকটা আবিষ্কারের মতো করেই যেন তাকে খুঁজে পাওয়া যায়।
কাঁঠালিচাঁপার গাছ প্রথম দেখায় খুব একটা চমক জাগায় না। বড় বড় উজ্জ্বল পাতার ভিড়ে ফুলটি বেশ ছোট। দেখতে অনেকটা আতা ফুলের মতো। গাছের ডালপালা প্রথমে শক্ত হয়ে সোজা দিকে বাড়ে, পরে ধীরে ধীরে লতিয়ে উঠতে থাকে। পাতাগুলোও একসঙ্গে ঝরে পড়ে না। ফলে বছরের বেশিরভাগ সম...