রংপুর মহানগরীর ছোট নূরপুরের ‘নিভৃত নিলয়’ নামের সেই পুরনো বাড়িটির দেয়ালে দেড় দশক আগে বিমুগ্ধ চোখে প্রথম দেখেছিলাম ফুলটি। তখন স্মার্টফোন এত সহজলভ্য ছিল না, যে মুহূর্তেই ছবি তুলে পরিচয় খুঁজে নেওয়া যায়। তাই কোনো নাম জানা হয়নি, কোনো তথ্যও সংগ্রহ করা হয়নি— শুধু বিস্ময়ভরা চোখে অপলক তাকিয়ে দেখা। আগুনের শিখার মতো বাঁকানো পাপড়ি, দেয়াল বেয়ে ওঠা লতা আর রঙের অপূর্ব বদল— দেখে মনে হয়েছিল, বুঝি দূরদেশ থেকে আসা কোনো দুর্লভ ফুল ফুটেছে।
কিন্তু না, সেটি বিদেশি কোনো অতিথি নয়; বরং আমাদের এই অঞ্চলের প্রকৃতিতেই জন্ম ন...