সন্ধ্যা নামলেই বদলে যায় দৃশ্যপট। আড়ালে খোলে দূষণের গোপন দুয়ার। কারখানার বিষাক্ত তরল বর্জ্য গিলে খাচ্ছে গাজীপুরের খাল, বিল ও নদী। পরিশোধন ছাড়াই গড়িয়ে পড়ছে গাঢ় কালো, লালচে রাসায়নিক। বিষের তীব্রতায় নীল জনজীবন। বর্ষার স্রোতে কিছুটা আড়াল হয় দূষণ। কিন্তু শুষ্ক মৌসুমে বেরিয়ে আসে আসল রূপ।
টঙ্গী, কোনাবাড়ী, কাশিমপুর ও বিসিক এলাকার খালগুলোতে বইছে রাসায়নিকের ফেনা। স্বাভাবিক গতি আর নেই পানির। শুধু চিলাই নদী বা তুরাগ নয়, বিষ ছড়াচ্ছে আশপাশের সব জলধারায়। তুরাগ দূষণের উৎস রয়েছে অন্তত ২২৪টি। এর মধ্যে শুধু শিল্...