আমার বাবা আনোয়ার হোসেন—
বাংলাদেশের একজন খ্যাতনামা ব্যবসায়ী, অনেকের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার এক উজ্জ্বল
নাম; আমার কাছে তিনি শুধু একজন সফল মানুষ নন; ছিলেন আমার জীবনের আদর্শ। তার শৃঙ্খলাবদ্ধ
জীবনযাপন, কঠোর পরিশ্রম এবং নীতির প্রতি অবিচল বিশ্বাস আমাকে আজও প্রভাবিত করে। আমি
তার জীবনকে শুধু দেখিনি, গভীরভাবে অনুভব করেছি— এবং আজও সে পথেই চলার চেষ্টা করি।
আমি যখন মায়ের গর্ভে,
তখন থেকেই বাবা প্রায়ই মাকে বলতেন— ছেলে না মেয়ে আসছে জানি না, তবে যে-ই আসুক, আমার
জন্য সৌভাগ্য বয়ে আনবে।...