বাংলাদেশের উত্তর অঞ্চলে সাঁওতাল আদিবাসীর বসবাসের কথা ছোটবেলা থেকেই বিভিন্ন বইপত্র ও নানা মাধ্যম থেকে জেনেছি। তবে সরাসরি তাদের সঙ্গে সাক্ষাৎ বা গ্রামে যাওয়ার সুযোগ হয় ২০২৫ সালে। জুন মাসের এক সকালে রংপুর থেকে রওনা হই সিংড়া জাতীয় উদ্যানের উদ্দেশে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে অবস্থিত সিংড়া শালবনে ঘোরাঘুরি শেষে যাই সিংড়া ও চাউলিয়া গ্রামের দিকে। বরেন্দ্রর মতো লাল না হলেও ধূসর লাল মেঠোপথ ধরে শালবনের মধ্য দিয়ে পথ ধরলাম সিংড়ার আদিবাসী পাড়ার দিকে। শুনেছিলাম, সিংড়া জাতীয় উদ্যানসংলগ্ন এ দুই গ...