টানা তিন বছর উৎপাদন কমার পর চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা-শিল্প। মৌসুমের প্রথম চার মাসেই ভ্যালির ২৪টি চা-বাগানে উৎপাদন বেড়েছে প্রায় ৩১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় অতিরিক্ত উৎপাদিত হয়েছে ৬ লাখ ৬৩ হাজার কেজি চা। তবে উৎপাদন বাড়লেও নিলামে চায়ের দাম না বাড়ায় লোকসানের শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন বাগান-সংশ্লিষ্টরা।
লস্করপুর ভ্যালি সূত্রে জানা যায়, ২০২৩ সালে ২৪টি বাগানে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ২৬ লাখ ৯১ হাজার কেজি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১...