সময়ের আবর্তে দিন পাল্টেছে নরসিংদীর লটকনের। একসময় ‘কদরহীন’ এ ফল পাওয়া যেত শুধু বনে-জঙ্গলে। ছিল না আর্থিক গুরুত্বও। এখন জেলার বেলাব ও শিবপুর উপজেলার যত্রতত্র দেখা যায় লটকনের বাগান। হেক্টরের পর হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে টক-মিষ্টি স্বাদের এ ফল। দেশের চাহিদা মিটিয়ে যা রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাওয়া লটকনের বাজার দাঁড়িয়েছে এখন অন্তত ৩৫০ কোটি টাকায়।
নরসিংদীর লটকন বর্তমানে অত্যন্ত লাভজনক অর্থকরী ফসল। জেলার বেলাব ও শিবপুর উপজেলায় ব্...