রিকশা চালানোর সামান্য আয়ে চলে মোহাম্মদ রেজাউলের সংসার। ঘরে স্ত্রী ও দুই মেয়ে; গ্রামের বাড়িতে বৃদ্ধ মা। রিকশার প্যাডেলে পা চেপে ছুটে চলেন নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। পেশা রিকশা চালানো হলেও রেজাউলের নেশা অন্য জায়গায়। ২৪ বছর ধরে রিকশা চালানোর পাশাপাশি তিনি সড়কের পাশে, সড়কদ্বীপে গাছ লাগিয়ে আসছেন।
রিকশার সিটের নিচে গাছের চারা নিয়ে ঘুরে বেড়ান রেজাউল। শুধু গাছের চারা রোপণ নয়, কোথাও ময়লার স্তূপ দেখলে নিজ হাতে তা পরিষ্কার করেন। সড়কে বড় গর্ত দেখলে রিকশায় করে ভাঙা ইট, কংক্রিট নিয়ে গিয়ে তা ভরাট কর...