আজকের এইদিনে, ঠিক এক বছর আগে অর্থাৎ ১৫ অক্টোবর ২০২৫ সালে, হঠাৎ এক খবরে ঝাপসা হয়ে এসেছিল চোখ। যদিও অনুমান করেছিলাম খবরটা শুনতে হবে। তারপরও খবরটা সহ্য করা ছিল কঠিন। ওই দিন রহস্য আর রোমাঞ্চে ভরা এক জাদুকরীজগৎ গড়ে দিয়ে বাঙালির শৈশবের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা মানুষটি সেদিন পাড়ি জমিয়েছিলেন অনন্তের দেশে। তিন গোয়েন্দার অমর স্রষ্টা রকিব হাসান আর নেই, এই সত্যটি আজও মেনে নিতে কষ্ট হয় কোটি ভক্তের। বাংলা কিশোর সাহিত্যের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলোর জনক রকিব হাসানের প্রথম প্রয়াণবার্ষিকীতে তাই স...