আগস্ট এলেই ফেনীর মহিপাল যেন আবার ফিরে যায় এক রক্তাক্ত দুপুরে। এখনো শুকায়নি পুরনো ক্ষত। বরং আরও স্পষ্ট হয়েছে হারানোর বেদনা, বিচারের প্রতীক্ষা আর অপূর্ণ স্বপ্নের দীর্ঘশ্বাস। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে গুলিতে শহীদ হন সাতজন। আহত হন দুই শতাধিক মানুষ। ঘটনার পর ২২টি মামলায় প্রায় আড়াই হাজার মানুষকে আসামি করা হলেও এখনো অধিকাংশ পলাতক। নিহত ব্যক্তিদের স্বজনদের ৪ আগস্ট শুধু শোকের দিন নয়, ন্যায়বিচারের অপেক্ষার আরেকটি দিন।
সেই রক্তাক্ত দিনের পর সময় এগিয়েছে; কিন্তু বিচারপ্...