কাকডাকা ভোরে মেঘনার দুই পাড়ে শুরু হয় ব্যস্ততা। নদীর ঢেউয়ের শব্দ ছাপিয়ে শোনা যায় জেলেদের হাঁকডাক, নৌকা ও ট্রলারের ইঞ্জিনের শব্দ। সূর্য ওঠার আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ঘাটে জমে ওঠে মিঠাপানির দেশীয় মাছের বাজার। স্থানীয়ভাবে ‘বৈদ্যেরবাজার ফিশারি ঘাট’ নামে পরিচিত এ বাজারটি ছোট মাছের বড় আড়ত হিসেবেও পরিচিত।
প্রতিদিন ভোররাত থেকে শুরু হয় মাছের কেনাবেচা। মেঘনা নদী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নৌকা-ট্রলারে করে মাছ নিয়ে আসেন জেলেরা। পরে নিলাম বা ডাকের মাধ্যমে সেসব মাছ কিনে নেন পাইকার ও ব...