বেঙ্গল শিল্পালয়ে চলমান ‘বিয়ন্ড দ্য ব্রিফ’ প্রদর্শনীর দরজা ঠেলে ঢুকতেই কানে এলো— ‘এ আবার কেমন আর্ট! ধুর, সময় নষ্ট।’ মন্তব্যটি শুনে থমকে দাঁড়ালাম। মনে হলো, সমকালীন শিল্প এমন এক ভাষা, যা সবার কাছে একইভাবে ধরা দেয় না। কেউ শিল্পকর্মের ভেতরে লুকিয়ে থাকা ভাবনা ও প্রতীক খুঁজে পান, আবার কেউ তাকে দুর্বোধ্য বলে পাশ কাটিয়ে যান। বৃত্ত আর্টস ট্রাস্ট ও বেঙ্গল আর্টস প্রোগ্রামের যৌথতায় অনুষ্ঠিত এই প্রদর্শনী সেই প্রশ্নগুলোকেই আরও গভীর করে তোলে। দীর্ঘদিন ধরে ক্লায়েন্ট, ব্র্যান্ড ও বাণিজ্যিক যোগাযোগের জন্য কাজ করা...