সংসার শুধুই দায়িত্বের বেড়াজাল নয়, বরং স্বামী-স্ত্রী দুজনেরই থাকা চাই নিজস্ব একটা আকাশ। চাই সেই মুক্ত আকাশে ইচ্ছামতো ডানা মেলার স্বাধীনতা। লিখেছেন নাহিদ ইসলাম
বিয়ের পর দুজন মানুষ যখন এক ছাদের নিচে থাকে, তাদের জীবন যেন বাঁধা পড়ে এক সুতোয়। বিয়ের আগে দুজন হয়তো সম্পূর্ণ আলাদা মানুষ ছিলেন। দুজনেরই নিজস্ব কিছু ভালো লাগা ছিল। বিয়ের পর দুটি আলাদা পৃথিবী এক হয়ে যায়। শুরু হয় সংসার নামের এক নতুন অধ্যায়। সেখানে দুজনের ভালো লাগা, খারাপ লাগাগুলো মিশে যেতে থাকে। কিন্তু বাস্তব জীবনে সবসময় ছায়ার মতো লেগে থাকার ক...