একসময় যে বিআরটি স্টেশনের নিচে ছিল ময়লার স্তূপ, ভবঘুরেদের আনাগোনা ও নানা অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ, সেখানেই এখন নতুন রূপ পেয়েছে রঙিন ফুলের বাগান আর নান্দনিক আলোকসজ্জায়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশের বিআরটি স্টেশনগুলো ঘিরে গাজীপুর সিটি করপোরেশনের এ উদ্যোগ এরই মধ্যে দৃষ্টি কেড়েছে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, টঙ্গীর বিএনএস সেন্টার থেকে কলেজগেট পর্যন্ত প্রায় চার কিলোমিটার ফ্লাইওভারের নিচে থাকা বিআরটি স্টেশনগুলোর পরিবেশে এসেছে দৃশ্যমান পরিবর্তন। দীর্ঘদিন অব্যবস্থাপনা ও অবহেল...